৪০তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা নিরবচ্ছিন্ন ও নকলমুক্ত করতে ১৭৫জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩ মে ঢাকায় ১৬৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার পিএসসির সিনিয়র সহকারী সচিব নাজমা নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা ঢাকার ১৬৫টি কেন্দ্রে একযোগে আয়োজন করা হবে। ৩ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরো ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সাধারণ ক্ষমতাবলে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত আইন অনুযায়ী পরীক্ষা চলাকালীন ক্ষমতা প্রদান করতে নিয়োগ করা হলো বলেও আদেশে উল্লেখ করা হয়।
