রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশ গ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি’র ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৯৯জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬১ গ্রাম হেরোইন ১৫৪০ পুরিয়া, ৮৪ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ২৬ বোতল ফেন্সিডিল ও ২৯৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৬০টি মামলা করা হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে কামরাঙ্গীরচরের বড়গ্রাম, ইসলামনগর, খলিফাঘাট, বাঁশবাটি, কুড়ারঘাট, ব্যাটারি ঘাট, মজিবর ঘাট, ওসমানী ঘাট ও আশপাশ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে কামরাঙীরচর থানা পুলিশের পাশাপাশি ডিবির মাদক প্রতিরোধ ও ডগ স্কোয়াড টিম অংশ নেয়। কামরাঙীরচর থানার ওসি শাহীন ফকির জানান, দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই সব এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা, ১০১ লিটার বাংলা মদ, ২১২ পিস ইয়াবা এবং ১০৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে, র্যাব-৩ সূত্র জানায়, মঙ্গলবার রাতে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার জি-ব্লকের ৬ নম্বর রোডে মাইজভান্ডার দরবারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ১১জনকে গ্রেফতার করে র্যাব। মাজারের মেঝে খুঁড়ে এসব মাদক উদ্ধার করে বলে র্যাব জানায়।
ইত্তেফাক/এমআই
