নগর সংস্কৃতি

রোহিঙ্গা পীড়ন প্রতিপাদ্যে মুক্তি ও মানবাধিকার প্রামাণ্যচিত্র উত্সব শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:০৬

পৃথিবীর মানুষের মুক্তি ও মানবাধিকার রক্ষার নানা প্রচেষ্টা ও সংগ্রাম মেলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শুরু হলো সপ্তম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উত্সব। বৃহস্পতিবার সূচনা হওয়া উত্সবের প্রতিপাদ্য ‘রোহিঙ্গা পীড়ন’। দু’জন দেশি চলচ্চিত্রকার নির্মিত দুটি প্রামাণ্যচিত্রের সঙ্গে বিশ্বের ১৩টি দেশের প্রামাণ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে পাঁচ দিনের উত্সব ।

গতকাল বৃহস্পতিবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উত্সবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিবৃন্দ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হয় চিত্রশিল্পী দিলারা বেগম জলি নির্মিত প্রামাণ্যচিত্র ‘জঠরলীনা’।

উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, আজকের পৃথিবীতে মানবাধিকার হরণের ঘটনা যেমন বেড়ে চলেছে, তেমনি মানুষের লড়াই, মুক্তিসংগ্রাম ইত্যাদি সেলুলয়েডে তুলে ধরবার চেষ্টাও অব্যাহত রয়েছে। ডকুমেন্টারি ফিল্মের ব্যাপক ভূমিকার কথা এ প্রসঙ্গে না বললেই নয়। এ ধারার চলচ্চিত্রের মাধ্যমে নিপীড়িত মানুষের বেদনার চিত্র তুলে ধরার পাশাপাশি জানানো হচ্ছে মানবতার আর্তি। 

আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তন, সেমিনার রুমে প্রামাণ্যচিত্রগুলো প্রদর্শন করা হবে। শুধু ১৯ ও ২১ এপ্রিল উন্মুক্ত মঞ্চেও চলচ্চিত্র প্রদর্শিত হবে। চারটি বিভাগে এবার চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। ইন্টারন্যাশনাল ফিল্ম সেকশন বিভাগে সারাবিশ্বের সামপ্রতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এতে এ বছরের অস্কারে শর্ট লিস্টেড স্পেনের প্রামাণ্যচিত্র ‘দ্য সাইলেন্স অব আদারস’ প্রদর্শন করা হবে। নাইন্টিন সেভেনটি ওয়ান এন্ড বিয়ন্ড বিভাগটি মূলত প্রতিযোগিতামূলক বিভাগ। এখানে বাংলাদেশের সামপ্রতিক সময়ে নির্মিত আমাদের মুক্তিযুদ্ধ ও তত্পরবর্তী সময় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ বিভাগে প্রদর্শিতব্য চলচ্চিত্রসমূহের সর্বোচ্চ ব্যাপ্তিকাল ৬০ মিনিট। এ বছর প্রতিযোগিতার জন্য ৫টি ছবি নির্বাচন করা হয়েছে। ছবিগুলো হলো-  দিলারা বেগম জলির ‘জঠরলীনা’, ফরিদ আহমেদের ‘লালসবুজের দীপাবলী’, তারেক মাহমুদের ‘শব্দসেনা’, ফুয়াদ চৌধুরীর ‘মারসিলেস মেইহেম’ এবং ফারশাত রিজওয়ানের ‘জননী যন্ত্রণা’। এই বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রামাণ্যচিত্রসমূহ থেকে একটি ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে। যার মূল্যমান ১ লক্ষ টাকা।