নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জের

ফেরদৌসের পর এবার গাজী নূরকেও ফেরত পাঠাচ্ছে ভারত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:০৭

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জেরে অভিনেতা ফেরদৌসের পর আরেক বাংলাদেশি অভিনেতা গাজী আবদুন নূরকেও দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্যবসায়িক ভিসায় ভারতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে দমদমে সৌগত রায়ের পক্ষে প্রচার চালান নূর। তার ভিসার মেয়াদও ফুরিয়ে গিয়েছিল। এরপরেও তিনি কেন ভারতে অবস্থান করছিলেন তা খতিয়ে দেখছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার শর্ত ভাঙায় তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় রাণী রাসমনিতে রাজা রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান গাজী আবদুন নূর। তার এবং ফেরদৌস উভয়েরই বিজনেস ভিসা ছিল। কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে অংশ নেন এ দুই তারকা। গাজী নূরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি।

এরপর কলকাতা পুলিশের আওতায় থাকা নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) এর কাছে গাজী নূরের ভিসা সংক্রান্ত বিশদ তথ্য চেয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও রিপোর্ট চায়। সেই রিপোর্টে অভিযোগের সত্যতা বেরিয়ে আসে। অভিযোগ প্রমাণিত হওয়ায়  ফেরদৌসের মতোই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, ভারতে বাংলাদেশ হাইকমিশনকেও নূরের বিষয়টি জানানো হয়েছে।