শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বর্তমান সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকায় দেশীয় নৌযান শিল্পখাতের ব্যাপক অগ্রগতি ও উন্নতি হয়েছে।
তিনি বলেন, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে সরকারের সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে।
বুধবার রাজধানীর সদরঘাটে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত যাত্রীবাহী নৌযান এম ভি অ্যাডভেঞ্চার-৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন।
নিজাম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক মো. নিজাম উদ্দিন সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম এ সময় উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতি ক্রমান্বয়ে তৈরি পোশাক শিল্পখাত থেকে জাহাজ নির্মাণ শিল্পের দিকে উত্তরণ ঘটতে যাচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী । তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকারী বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পেও দ্রুত সক্ষমতা অর্জন করছে। আমাদের নির্মিত জাহাজ এখন ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস্, ফিনল্যান্ডসহ ইউরোপের উল্লেখযোগ্য দেশগুলোতে রপ্তানি হচ্ছে।
ইত্তেফাক/এমআই
