আদিতমারীতে উপ-সহকারী প্রকৌশলীকে পেটালেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:১৯

আদিতমারীতে উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীকে পিটিয়ে আহত করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি একেএম হুমায়ন কবির ও তার দলবল। পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় জাকিরুল ইসলাম ও  আশরাফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত জাকিরুল লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চাংরা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আর আশরাফুল আলম সদর উপজেলার তিস্তা পূর্বদালালপাড়া গ্রামের মৃত আ. মজিদের ছেলে।

জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একটি রাস্তার কার্পেটিংয়ের কাজ তদারকির জন্য গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম ও কার্য সহকারী আশরাফুল  আলম উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় যান। এসময় কাজের মান নিয়ে প্রশ্ন  তোলেন ওই ইউনিয়নের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির ও তার দলবল। এক পর্যায়ে হুমায়ন কবির ও তার ছোট ভাই রাশেদ অতর্কিতভাবে উপ-সহকারী প্রকৌশলী জাকিরুলের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে কার্য সহকারী আশরাফুল আলমকেও মারধর করা হয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় মামলায় কবির ও রাশেদের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের নামে মামলা করা হয়েছে।

স্বেচ্ছাসেবকলীগ নেতা একেএম হুমায়ন কবির সাংবাদিকদের জানান, কাজের মান খারাপ হওয়ায় এলাকাবাসী বাঁধা প্রদান করে। তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।