রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে আগুনের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাতের বেলায় বাজার বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অর্ধশতাধিক ছাগল বাঁধা ছিল বাজারে—জবাই করে মাংস বিক্রির জন্য। সেগুলো পুড়ে মারা গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, ভোর ৫টা ২৭ মিনিটে তারা খবর পান মার্িলবাগ রেলগেটের পাশের কাঁচাবাজারে আগুন লেগেছে। ১২টি ইউনিট ছুটে যায় সেখানে। ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ২৪৩টি দোকান পুড়েছে। এছাড়া পাশের একটি মার্কেটের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাংস ব্যবসায়ী শাহীন জানান, তার ৩০টি ছাগল পুড়ে মারা গেছে। আরেকজন মাংস ব্যবসায়ীর ২০টি বেশি ছাগল পুড়েছে।
