ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ পিস স্বর্ণের বারসহ লাভলু ব্যাপারী((৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে আটক করেছে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশী কেন্দ্রের সদস্যরা। আটক ব্যক্তি তার পায়ুপথে স্বর্ণবারগুলো বহন করে নিয়ে যাচ্ছিল। আটক লাভলু ব্যাপারী শরিয়তপুরের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আ.আ.ম. আমীমুল ইহসান খান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, স্বর্ণ পাচারকারীর এক সদস্য স্বর্ণের চালান নিয়ে ভারতে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশী কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ডেপুটি কমিশনার জাকির হোসেন লাভলু ব্যাপারীকে আটক করে। তার কাছে স্বর্ণের কথা জিজ্ঞাসা করলে প্রথমে সে অস্বীকার করে। পরে এক্সরে করলে তার পায়ুপথে ৭ পিস স্বর্ণবার পাওয়া যায়।
লাভলু স্বীকার করে, এ স্বর্ণগুলি সে কলকাতার একজনকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। বিনিময়ে সে ১০ হাজার টাকা কমিশন পাবে।
স্বর্ণগুলো পায়ুপথ থেকে বের করা হয়। আটক লাভলুকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণবারগুলি বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আটক স্বর্ণবারগুলির মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমস অফিস।
ইত্তেফাক/নূহু
