সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের দুই ভাই গ্রেফতার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:৪৪

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের দুই ভাইকে গ্রেফতার করেছে দেশটির সামরিক জান্তা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বুধবার দেশটির ক্ষমতাসীন অন্তর্বর্তী সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস আল দ্বীন কাবাশি বিষয়টি নিশ্চিত করেছেন। মুখপাত্র জানান, গ্রেফতারকৃত দুইজন হচ্ছেন আবদুল্লাহ এবং আলাবাস আল বশির। গত সরকারের নেতাদের বিরুদ্ধে চলমান গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাদের হেফাজতে নেয়া হয়েছে। এর আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বেশ কয়েকজন কর্মকর্তাকেও গ্রেফতার করেছে দেশটির সামরিক পরিষদ। তারপরও সামরিক সদর দফতরের সামনে বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। -বিবিসি