শিশুদের আবদার মিটাচ্ছেন বড়রা

আপডেট : ১০ জুন ২০১৮, ০৯:৫২
শিশুদের সব খুশি যেন ঈদের পোশাক ঘিরে। তাই ঈদের কেনাকাটায় তাদের আবদারেরও শেষ নেই। শিশুর পোশাক কেনাকাটা নিয়ে অভিভাবকদেরও থাকে নানা জল্পনা-কল্পনা। নিজেদের পোশাক নিয়ে উদাসীন থাকলেও অভিভাবকরা সবচেয়ে সুন্দর পোশাকটি সন্তানকে কিনে দিতে চান। তাই ঈদকে সামনে রেখে শিশুদের নিয়ে অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর শপিংমলগুলো। গতকাল বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, আড়ং, এলিফ্যান্ট রোড, চাঁদনী চক, গাউছিয়া মার্কেট, মৌচাক মার্কেট, আজিজ সুপার মার্কেট, বনানী, গুলশান, উত্তরার ফ্যাশন হাউসগুলোতে এমন চিত্র দেখা গেছে। এসব মার্কেটের দোকানগুলোতে বড়দের পাশাপাশি শিশুদের নানা রঙ-বেরঙের পোশাকের পসরা সাজিয়েছে দোকানিরা। নিউমার্কেট, গুলিস্তান, মতিঝিলের ফুটপাত থেকে শুরু করে রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে শোভা পাচ্ছে ছোট্ট শিশুদের রঙ-বেরঙের পোশাক। সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা ক্রয় করছেন এসব পোশাক।
 
ছেলে শিশুদের জন্য প্রচলিত চেক ডিজাইনের টি-শার্টের পাশাপাশি বিভিন্ন রং ডিজাইনের টি-শার্ট বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব শোরুমগুলোতে। গরমে শিশুদের প্রশান্তির কথা ভেবে গেঞ্জি কাপড়ের টপ, টি-শার্ট, প্যান্ট এনেছে বিভিন্ন ব্যান্ড। মেয়ে শিশুদের জন্য সুতির টু-পিস, থ্রি-পিস, ফ্রকের বড় সংগ্রহ এনেছে ফ্যাশন হাউসগুলো। ছোট শিশুদের পছন্দসই জামা কিনতে লাগবে ৫’শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
 
অন্যদিকে মেয়ে শিশুদের জন্য ঘের দেওয়া লম্বা কামিজ যেমন চলছে, তেমনি ছেলে শিশুদের পাঞ্জাবিতে লাইন কাটের ব্যবহার বেশি। শিশুরা সারাদিন জমকালো পোশাক পরে থাকতে পারে না। সেজন্য সুতি, ডেনিম বা জিনসের প্যান্ট, খাটো হাতার শার্ট ও ফতুয়া দেওয়া যেতে পারে। এবার মেয়ে শিশুদের জন্য পার্টি ফ্রক, ঘাগরা চোলি ও লেগিংসের চাহিদা বেশি দেখা যাচ্ছে। আছে সালোয়ার-কামিজ, কাতান, টিস্যু, মসলিন ও সার্টিনের পোশাক।
 
ধানমন্ডির রাপা প্লাজায় ফুলকলি দোকানের বিক্রয়কর্মী আখতার হোসেন জানান, বাচ্চাদের জন্য তাদের আছে ৭’শ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে তোষম ও তাঁতি পাঞ্জাবি। মেয়েদের নতুন পোশাকের মধ্যে তাদের আছে ট্রি ফ্রগ, মাসাককালি, লেহেঙ্গা ও স্কার্ট।
 
পোশাকের নকশায় প্রাধান্য পাচ্ছে কারচুপি, এমব্রয়ডারিসহ হাতের কাজ। এছাড়া রয়েছে সিল্ক, মসলিন কাপড়ের পার্টি পোশাক। বাচ্চাদের জন্য বরাবরের মতো এবারও বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল রং। আড়ং, রঙ, নিত্যউপহার, মেঘ, বরণ, যাত্রাসহ ছোট-বড় সব ফ্যাশন হাউজ ঈদকে সামনে রেখে তাদের নিজেদের ডিজাইন মেলে ধরেছে শিশুদের রঙ-বেরঙের পোশাক দিয়ে। চমত্কার সব স্টাইলিশ পোশাকের পসরা সাজিয়েছে লা-রিভ। প্রতিষ্ঠানটির কিডস কর্ণারে ২ থেকে ১২ বছরের ছেলে মেয়ের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি, জিন্স, ফ্রকসহ অন্যান্য সব পোশাক। রঙ বাংলাদেশের ছোটদের কালেকশনে রয়েছে ফ্রক, সিঙ্গেল, কামিজ, থ্রি-পিস, স্কার্ট-টপস, প্যান্ট-টপস, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। ছোটদের পোশাকে মূল রঙ হিসাবে ব্যবহার করা হয়েছে সাদা, লাল, হলুদ, কমলা, সবুজ ও নীল। এর সঙ্গে সহায়ক হয়েছে গোলাপি, টিয়া, বাসন্তী, খয়েরি, ফিরোজা।
 
ঈদ সামনে রেখে আড়ং মেয়ে শিশুদের জন্য এনেছে হাতের জমকালো কাজ করা সালোয়ার কামিজ, ঘাঘড়া চোলি। সালোয়ার ও প্যান্টের কাজে নকশা এবং কাটে দেখা গেছে বৈচিত্র্য। ছেলে শিশুদের পাঞ্জাবিতে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ডি, সিল্ক, মসলিন ও খাদি। মেট্রোশপিং মলের ওয়েস্টার্নের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন আহমেদ খান জানান, তাদের ঈদ কালেকশনে আছে আড়াই হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে মেয়েদের লেহেঙ্গা ও কারচুপি স্কার্ট।
 
ইত্তেফাক/কেকে