স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় কন্যাকে জবাই

আপডেট : ১০ জুন ২০১৮, ২০:২৭
ভারতের রাজস্থানের পীপাড়সিটি গ্রামের এক পাষণ্ড বাবা গত বৃহস্পতিবার তার ৪ বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে। পুলিশের জেরায় অভিযুক্ত নবাব আলি জানিয়েছে, ‘স্রষ্টাকে খুশি করতেই রমজান মাসে এমন কাজ করেছে সে।’ 
 
যোধপুরের পুলিশ সুপার রাজন দুষ্যন্ত জানান, ‘শুক্রবার সকালে ৪ বছরের ওই শিশুটির দেহ উদ্ধার করা হয় তার বাড়ির এক তলার একটি ঘর থেকে। আর শনিবার গ্রেফতার করা হয় তার বাবা নবাব আলিকে।’ 
 
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার রাতে স্ত্রী ও তার দুই শিশুকন্যাকে নিয়ে বাড়ির ছাদে ঘুমোতে গিয়েছিলেন নবাব। ৪ বছরের রিজওয়ানাই তাদের বড় মেয়ে। পরের দিন সকালে তন্নতন্ন খুঁজে বড় মেয়ে রিজওয়ানাকে না পেয়ে নবাবের স্ত্রী পুলিশে খবর দেন।
 
পুলিশ নবাবের বাড়িতে গিয়ে তার বাড়ির এক তলার একটি ঘর থেকে রিজওয়ানার গলাকাটা দেহ উদ্ধার করে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রিজওয়ানাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানাচ্ছে, বাড়ির এক তলার ঘর থেকে রিজওয়ানার দেহ উদ্ধারের পর নবাব তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, বেড়ালে তার মেয়ের গলা কেটে দিয়েছে। নবাবের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার রাতেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেন নবাব। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু