ইরাকে ভোটবাক্স(ব্যালট-বক্স) রাখার একটি গুদামে অগ্নিসংযোগের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। অভিযুক্তদের মধ্যে তিন পুলিশকর্মী স্বাধীন উচ্চ নির্বাচন কমিশনের এক কর্মচারী রয়েছেন। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত গুদামটিতে গত মে মাসে হওয়া জাতীয় নির্বাচনের ভোটবাক্সগুলো জমা করে রাখা হয়েছিল। রবিবার গুদামঘরটিতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এই ঘটনাকে ইরাক ও ইরাকের গণতন্ত্রের ক্ষতি করার একটি ষড়যন্ত্র বলে বর্ণনা করেন।
মে মাসের নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর গত সপ্তাহে পার্লামেন্ট নির্বাচনের ১ কোটি ১১ লাখ ভোট পুনরায় গণনা করার বিষয়ে একটি প্রস্তাব পাস করে। ওই প্রস্তাব পাস হওয়ার পরই গুদামঘরটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ভোটবাক্সগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তারা এই ঘটনার প্রেক্ষিতে সহিংসতার আশঙ্কা করছেন। আবাদি রবিবার এক বিবৃতিতে বলেন, নির্বাচনের ভোটবাক্স রাখার গুদামঘরে আগুন লাগানো এই জাতি ও গণতন্ত্রের ক্ষতি করার একটি ষড়যন্ত্র।
উল্লেখ্য, গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়েছে মুকতাদা আল সদর নেতৃত্বাধীন জোট। ৩২৮ আসনের মধ্যে ৫৪ আসনে জয় লাভ করেছে এই শিয়া নেতা নেতৃত্বাধীন জোট দল। অন্যদিকে আবাদি-নেতৃত্বাধীন জোট তৃতীয় স্থান লাভ করেছে।
সোমবার সদর বলেন, কিছু দল ইরাককে গুদামঘরের অগ্নিসংযোগের ঘটনায় গৃহযুদ্ধে জড়াতে চাইছে। আমি ওই গৃহযুদ্ধে অংশ নেবো না।
ইত্তেফাক/ জেআর
