অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবির চার সদস্য গ্রেফতার

আপডেট : ১২ জুন ২০১৮, ১৯:১৪
রাজধানীর শাহআলী থেকে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবির চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মতিয়ার রহমান, ফেরদৌস সরদার, ইসমাইল হোসেন ও হাবিবুর রহমান। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২টি গুলি ভর্তি ম্যাগজিন, একটি ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, একটি ওয়ারলেস সেট, একটি লাঠি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। সোমবার রাতে শাহআলীর নবাবের বাগ উত্তর পাড়া বেড়িবাঁধ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস আসলেই বেড়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা। গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। মতিয়ারের নেতৃত্বে তারা মিরপুর বেড়িবাঁধ এলাকায় ডিবি পরিচয় দিয়ে ছিনতাই করত। ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের টার্গেট করে নগদ অর্থসহ সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
 
এদিকে, শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে শাহআলীর এ- ব্লকের আদর্শ টাওয়ারের সামনে থেকে প্রতারক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে সেনাবাহিনীর মেজর কখনো পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেন।
 
তার রূপনগরের বাসা থেকে পুলিশের ডিআইজি র‌্যাংক বেজ লাগানো একসেট পোশাক, সেনাবাহিনীর মেজর পরিচয় লেখা ভিজিটিং কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেকসহ কাগজ-পত্র উদ্ধার করা হয়। শফিকুল সেনাবাহিনীর মেজর পরিচয়ে ২১ লাখ টাকার চেক প্রদান করে রূপনগরে একটি ফ্ল্যাট কিনেন। কিন্তু ওই চেকের একাউন্টে কোন টাকা ছিল না।
 
ইত্তেফাক/এমআই