কুমিল্লার চান্দিনায় পুলিশের ধাওয়ায় পিকআপচাপায় রিকশা আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে রাখে এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, দুপুর সোয়া ১২টায় চান্দিনা বাসস্ট্যান্ড থেকে দুই নারী যাত্রীকে নিয়ে হাড়িখোলা যাচ্ছিল ব্যাটারিচালিত একটি রিকশা। রিকশাটি চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন স্থানে পৌঁছার পর হাইওয়ে পুলিশের এক সদস্য রিকশাটিকে ধাওয়া করে। এ সময় বালু বোঝাই পিকআপের চাপায় ঘটনাস্থলে এক যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে আরেক যাত্রী নিহত মারা যায়। এ সময় রিকশাচালক, পিকআপচালক ও তার ভাই গুরুতর আহত হয়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) শাহ্ মো. আবিদ হোসেন জানান, মহাসড়কে থ্রি-হুইলার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। সেখানে রিকশা উঠবে কেন? এ ছাড়া মহাসড়ক অবরোধ করা মারাত্মক অপরাধ। যারা মহাসড়ক অবরোধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
