দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘দূরবীন’। ক্যারিয়ারে ১৪ বছর পার করে ব্যান্ডটি ১৫ বছরে পদার্পণ করবে আগামী ডিসেম্বরে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামীমাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি আয়োজনের পরিকল্পনা করে ব্যান্ডটি। কিন্তু পেছানো হলো ব্যান্ডে বর্ষপূর্তির সময়। নতুন বছরের শুরুতে ‘দূরবীন’ তাদের ১৪ বছর পূর্তির অনুষ্ঠান করবে। তবে হঠাত্ করে এই সময় পরিবর্তন প্রসঙ্গে ব্যান্ডের কর্ণধার সৈয়দ শহীদ বলেন, ‘আমরা যখন বর্ষপূর্তির পরিকল্পনা করি তখন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। তাই আমাদের মতো করে পরিকল্পনা করেছিলাম। কিন্তু যেহেতু আগামীমাসে জাতীয় নির্বাচন সেই বিবেচনা থেকে আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠানটি পেছানো হলো।’
নতুন বছরে পদার্পণ উপলক্ষে ‘দূরবীন’ তাদের পঞ্চম অ্যালবাম প্রকাশ করবে। ‘৫.০১’ শিরোনামে অ্যালবামটি নতুন বছরে পদার্পণ উপলক্ষে প্রকাশ করবে ‘দূরবীন’। এছাড়াও একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। ডিজিটাল প্লাটফর্মের এই সময় অ্যালবাম রিলিজের কারণ হিসেবে শহীদ বলেন, ‘আসলে নতুন অ্যালবামের যে গন্ধ তা তো ডিজিটালভাবে পাওয়া যাবে না। এগুলো এক ধরনের স্মৃতি। তাই ডিজিটালভাবে যতই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছাক অ্যালবামের গুরুত্ব কিন্তু সবসময় থাকে। সেই পরিকল্পনা থেকে অ্যালবাম করা। তবে ডিজিটাল পদ্ধতিতেও শ্রোতারা আমাদের গানগুলো শুনতে পারবেন।’ বর্ষপূর্তির সময় নির্ধারণ করা না হলেও নতুন বছরের শুরুর দিকে সবাইকে জানাবে দূরবীন।
