‘নিজ দায়িত্ববোধ থেকেই আমরা একত্রিত হয়েছি’

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:১৮

হঠাত্ করেই নিজের কলিগদের ফেসবুক ও এসএমএস-এর মাধ্যমে আমন্ত্রণ জানান কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। গত ১৮ এপ্রিল শিল্পকলা একাডেমিতে তার আহ্বানে সাড়া দিয়ে অর্ধশতাধিক শিল্পী একত্রিত হন। উদ্দেশ্য ছিল মূলত অসুস্থ শিল্পীদের জন্য বিশেষ দোয়া করা। তবে একইসাথে নিজেদের সঙ্কটের কথাও উঠে আসে আলোচনায়। তারই বিস্তারিত নিয়ে বিনোদন প্রতিদিনের মুখোমুখি হন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সঙ্গীতাঙ্গনের অনেকে একত্রিত হন। এ নিয়ে শুরুতে জানতে চাই—

আমাদের সঙ্গীতাঙ্গনে একটা খারাপ সময় যাচ্ছে। আমাদের অনেক কাছের মানুষকে হারিয়েছি। এছাড়াও অনেকে অসুস্থ। সুবীর দা এখন হাসপাতালে। সবাইকে স্মরণ ও যারা অসুস্থ রয়েছেন তাদের আরোগ্য কামনা করতে আমাদের এই একসাথে হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

 

আপনার উদ্যোগে এই সম্মিলিত হওয়ার কাজটা সম্পন্ন হয়। পুরো আয়োজনটি কীভাবে করলেন?

পুরো আয়োজনটি সফল হয়েছে সবার অংশগ্রহণে। আমি সবার প্রতি কৃতজ্ঞ যে, সবাই নিজ দায়িত্বে এখানে এসেছিলেন। আমি সবাইকে যখন ম্যাসেজ পাঠাই, সবার আগে আমাকে ম্যাসেজের উত্তর দেন সাবিনা ইয়াসমিন। তিনি আমার এই উদ্যোগে বেশ খুশি হন এবং আমার ম্যাসেজটি সবাইকে তিনিও পাঠান।

 

এই আয়োজনে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে এগুনোর উদ্যোগ নেওয়া হয়। সেটি কীভাবে শুরু করবেন?

সাংগঠনিক হওয়ার পরিকল্পনা আমাদের শুরুতে ছিল না। আয়োজন শেষে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী আমাদের বলেন কনফারেন্স কক্ষটি আমার নিয়মিত ব্যবহার করতে পারি। সেখান থেকে আমাদের একটা প্রাথমিক উদ্যোগ নিয়েছি। সবার সম্মিলিত উদ্যোগে আমরা এটি এগিয়ে নিতে চাই। রমজানে ইফতারের মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আবারো বসবো। তখন এ নিয়ে সার্বিক আলোচনা হবে।

 

এই সংগঠনের উদ্দেশ্য কী থাকবে?

বেশকিছু উদ্যোগ নিয়ে আমরা এগুবো। যেমন আমাদের কোনো পরিচয়পত্র নেই, কোনো ফান্ড নেই। এছাড়াও সবার আলোচনার মধ্য দিয়ে আমাদের জন্য যা ভালো হবে সেগুলো নিয়ে প্রাথমিকভাবে এগুতে চাই।

 

এখন পর্যন্ত সঙ্গীতাঙ্গনের বিভিন্ন সংগঠন তৈরি হলেও তেমন কোনো সফলতা দেখা যায়নি। পূর্বের সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আপনারা কতটুকু ভাবছেন?

এটা ঠিক। তবে এই আয়োজনে নিজ দায়িত্ববোধ থেকেই আমরা একত্রিত হয়েছিলাম। আমরা বোধ করছিলাম যে, আমাদের কিছু নেই। আমাদের যে কিছু নেই সেই অভাববোধ থেকে সংগঠনের উদ্যোগ।