ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৬:২২
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল নামক এলাকায় যাত্রীবাহী খুলনাগামী বিআরটিসি বাস ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেল্পার আব্দুর রহিম প্রাণ হারিয়েছেন। মৃত আব্দুর রহিম বগুড়া জেলার সুত্রাপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে ১৬জন আহত হয়। পরে বাসে আটকা পড়ে থাকা অবস্থায় বাসের হেলপারের ডান পা কেটে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। বাসের হেল্পার আব্দুর রহিমকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এছাড়া আহতদের মধ্যে আরো ৩ জনের অবস্থা মারাত্মক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সদর হাসপাতাল সূত্র জানায়।
 
ইত্তেফাক/নূহু