নেদারল্যান্ডের দি হেগে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশীগণ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেন। ঈদের দিন সন্ধ্যায় নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের সরকারী বাসভবন তথা বাংলাদেশ হাউজে প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘ঈদ ওপেন হাউজ’ আয়োজন করা হয়। রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও তাঁর সহধর্মিনী ডাঃ দিলরুবা নাসরিন আগত অতিথিদের স্বাগত জানান এবং সকলের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। দূতাবাসের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রায় দুইশতাধিক প্রবাসী বাংলাদেশী ঈদ উদযাপনের জন্য বাংলাদেশ হাউজে মিলিত হন।
এছাড়া রাষ্ট্রদূতের আমন্ত্রণে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বাংলাদেশ হাউজে সস্ত্রীক উপস্থিত হন নেদারল্যান্ডে নিযুক্ত ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতবৃন্দ, দি হেগের মাননীয় ডেপুটি মেয়র, দি হেগস্থ আন্তর্জাতিক সংস্থাসমূহে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও স্থানীয় মিডিয়া ব্যক্তিবর্গ।
IMG0
ঈদ মিলনমেলায় নেদারল্যান্ড আওয়ামী-লীগের নেতৃবৃন্দ, নেদারল্যান্ডে বিভিন্ন শ্রেণী-পেশায় কর্মরত বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ সপরিবারে উপস্থিত ছিলেন। বিশেষ করে নেদারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দূতাবাস আয়োজিত ঈদ ওপেন হাউজে বাংলাদেশী কমিউনিটির শিশু-কিশোরদের সরব উপস্থিতি পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
উপস্থিত সকল বাংলাদেশীর সঙ্গে রাষ্ট্রদূত ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিমেয়র পাশাপাশি তাদের সার্বিক খোঁজ-খবর নেন। ইসলামের ভ্রাতৃত্ববোধ, ত্যাগের মহিমা ও রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশীদের একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায়। শিশুদের কলকাকলী আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গান 'ও মোর রমজানের এই রোজার শেষে এলো খুশীর ঈদ' ঈদ আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
IMG1
রাষ্ট্রদূত বেলাল প্রবাসী বাংলাদেশীদের নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশের ভাবমুর্তিকে আরো উজ্জ্বল করার আহ্বান জানান। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি দূতাবাসের তত্ত্বাবধানে ও প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ব্রেইনচেইন’ প্রবাসী বাংলাদেশীদের ডাটাবেজ তৈরীর যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে সাড়া দিয়ে প্রয়োজনীয় তথ্যাদি আগামী ৩১ আগস্টের মধ্যে নির্ধারিত লিঙ্কে শেয়ার করার জন্য অনুরোধ জানান।
রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন যে, নেদারল্যান্ডে প্রবাসীদের নিজ নিজ কর্মক্ষেত্রে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে কাজে লাগানোর ক্ষেত্রে দূতাবাস সহায়ক ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে তিনি প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
ঈদ আয়োজনে উপস্থিত অতিথিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে নৈশভোজ পরিবেশন করা হয়। স্বদেশ থেকে দূরে থেকেও প্রবাসী বাংলাদেশীদের একত্রিত হয়ে ঈদ উদযাপন করানোর যে উদ্যোগ বাংলাদেশ দূতাবাস গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয় বলে সকলে উল্লেখ করেন। আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করে প্রবাসী বাংলাদেশীগণ কিছুক্ষনের জন্য যেন বাংলাদেশেই ফিরে গিয়েছিলেন।
সর্বোপরি, ঈদের আনন্দ পরিবার ও বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়া, বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে মত বিনিময় এবং ঈদের ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার মধ্য দিয়ে হাসি-আনন্দে নেদারল্যান্ডের প্রবাসী বাংলাদেশীগণ ঈদ উদযাপন করেন।
ইত্তেফাক/নূহু
