প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বাড্ডার আওয়ামী লীগের দুই নেতা যা বললেন

আপডেট : ১৮ জুন ২০১৮, ২০:৩৭
গত ১৫ জুন দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে ‘বাড্ডায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ এমদাদুল হক এমদাদ ও বড় বেরাইদের আওয়ামী লীগ নেতা হাজী ফারুক আহমেদ।
 
এক যুক্ত প্রতিবাদ লিপিতে আলহাজ এমদাদুল হক দাবি করেছেন, দুর্বৃত্তদের গুলিতে ফরহাদ আলী নিহত হওয়ায় সংগঠনের অপূরণীয় ক্ষতি হল। এ ঘটনায় মামলা হওয়ার আগেই আওয়ামী লীগের আরেক নিবেদিত প্রাণ কর্মী হাজী ফারুক আহমেদকে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে খবর প্রচার করা হয়েছে। তার সঙ্গে এই খুনের ঘটনার কোন সম্পর্ক নাই। ঘাতক যারাই হোক তাদের গ্রেফতার করা  হোক। 
 
বড় বেরাইদের হাজী ফারুক আহমেদ তার প্রতিবাদ লিপিতে দাবি করেছেন, ফরহাদ আলী খুনের ঘটনায় তার নাম জড়ানোর অপচেষ্টা একটি স্বার্থান্বেষী মহলের লাগাতার ষড়যন্ত্রের অংশ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুনাম মর্যাদা ক্ষুন্ন করার জন্যই সুপরিকল্পিতভাবে ওই চক্রটি উঠে-পড়ে লেগেছে। গত ২২ এপ্রিল বেরাইদে নিহত কামরুজ্জামান দুখু হত্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে তার নাম জড়ানো হয়েছে। ওই মামলায় তিনি আদালতে হাজির হয়ে কারাগারে যান। ১৪ জুন তিনি জামিনে মুক্তি পান।
 
তিনি বলেন, আমি মনে করি, যে বা যারা দুখু মামলায় আমাকে আসামি করেছে, তারাই ফরহাদ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদেরকে আইনের আওতায় আনলেই ফরহাদ হত্যা রহস্য উন্মোচিত হবে। অতীতে তিনি যেমন কোন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, বর্তমানেও নেই।
 
ইত্তেফাক/নূহু