নন এমপিও শিক্ষকদের টানা অবস্থান কর্মসূচি শুরু

আপডেট : ১৮ জুন ২০১৮, ২১:০২
ঈদের পর সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষকরা টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে। আগামী ২৩ জুনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত না আসলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 
 
আগামী অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় গত ১০ জুন থেকে বাংলাদেশ নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমনকি ঈদের দিনও তারা ছিল রাজপথে। 
 
সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা মনে করেছিলাম ঈদের আগেই সরকারের পক্ষ থেকে জোরালো কোনো আশ্বাস দিবে সরকার। আর শিক্ষক-কর্মচারীরা বাড়ি ফিরে যাবে। কিন্তু তা হয়নি। এখন আমাদের আন্দোলন আরো জোরদার হবে। বিভিন্ন জেলা থেকেও শিক্ষক-কর্মচারীরা ঢাকামুখী হচ্ছেন। 
 
তিনি বলেন, রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন কর্মসূচি অর্ধদিবস পালিত হলেও সোমবার সকাল থেকে লাগাতর অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ। এরমধ্যে যদি এমপিওভুক্তির সিদ্ধান্ত না আসে তাহলে আমরা অনশনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। 
 
গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, শিক্ষামন্ত্রী অন্তত ২৭ বার আমাদের আশা দিয়েছেন। এখন আর ওনার কথায় আশ্বস্ত হতে পারছি না। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা চাই।
 
ইত্তেফাক/ইউবি