কুমিল্লায় ফেন্সিডিলসহ শহিদুল ইসলাম ওরফে বকুল নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক বকুল ঢাকার কদমতলী থানার ধনিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
জানা যায়, সোমবার রাত সোয়া ১টার দিকে ডিবির এসআই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা অভিমুখী দ্রুতগতির একটি মোটর সাইকেল আসতে দেখে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। এতে মোটর সাইকেলের চালকসহ পেছনে থাকা এক ব্যক্তি বাইক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ তাদের ধাওয়া করে শহিদুল ইসলাম বকুলকে (৪৮) আটক করে। তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ বকুলের নিকট থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ডিবির এসআই সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
