বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন গেট ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য বেঁচে গেল কোমলমতি শিক্ষার্থীরা। তবে আহত হয়েছেন মো. রনি নামের একজন শ্রমিক।
সরেজমিনে দেখা গেছে, গেটের মূল অংশের মাঝেও ফাটল ধরেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিইডিপি-৩ প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ও গেট নির্মাণ করেন বানারীপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান নুসরাত এন্টারপ্রাইজের সাব-কন্ট্রাক্টর মো. নাইম মোল্লা। ওই কাজ নিম্নমানের হওয়ায় প্রথম থেকেই এলাকার জনপ্রতিনিধিসহ সচেতন মহল বিভিন্ন সময় অভিযোগও করেন সংশ্লিষ্ট অফিসে। অভিযোগের এক পর্যায়ে কাজ নিম্নমানের হওয়ায় গেট ভেঙে নতুন করে নির্মাণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ শ্রমিক নিয়ে কাজ করছিলেন। দুপুরে মূল গেটের ওপরে কাজ করার সময় হঠাত্ ওপর থেকে নিচের দিকের বড় একটি স্লাব ভেঙে পড়ে। এ সময় মো. রনি নামের এক শ্রমিকের পায়ে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সুমন ঘরামি এবং ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলু হালদার বলেন, ‘মূল গেট নির্মাণে ১৬ মিলি রড দেওয়ার পরিবর্তে ১২ মিলি রড এবং ১২টি রড দেওয়ার স্থলে মাত্র চারটি রড দেওয়ার কারণে গেটটির কাজ নিম্নমানের হয়।’
ঠিকাদার নাইম সব অভিযোগ সত্যি নয় বলে জানান।
উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, কাজে অনিয়মের প্রমাণ পাওয়ায় পুনরায় কাজটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
