ভূঞাপুর হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব!

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৬

ভূঞাপুর হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করলেন এক প্রসূতি। বৃহস্পতিবার ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ১’শ গজ দূরে এই ঘটনা ঘটে।

প্রসূতির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোরে প্রসূতির প্রসব ব্যথা উঠে। পরে গুরুতর অবস্থায় ভ্যানযোগে তাকে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কোনো চিকিত্সক-সেবিকা না পেয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। তবে হাসপাতাল চত্বর পার হয়ে থানা মোড়ে আসলেই পথিমধ্যে সন্তান প্রসব করেন ওই প্রসূতি।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌফিক এলাহি জানান, একজন প্রসূতি রোগী এসেছিল বলে আমি শুনেছি। কিন্তু ওই সময় কর্তব্যরত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমে ছিল। তাই কাউকে না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন তারা।