মহাখালীতে এমপি পুত্রের গাড়ির চাপায় পথচারী নিহত

আপডেট : ২১ জুন ২০১৮, ০৯:৩৭
রাজধানীর মহাখালীতে এমপি পুত্রের প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম সেলিম ব্যাপারী (৪৫)। তিনি মহাখালীর ডিওএইচএস এলাকার এক ব্যক্তির গাড়িচালক।
 
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের বনানী প্রান্তে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি শিকদার শামীম হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট-কারের চাপায় এক পথচারী নিহত হন। তবে ওই গাড়িটি কে চালাচ্ছিলেন বা কার গাড়ি তা আমরা জানতে পারিনি।
 
তবে প্রত্যক্ষদর্শী শামীম হোসেন নামে এক গাড়ি চালক জানান, তার সামনে প্রাইভেটকারটি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যেতে থাকে। তিনি গাড়িটি অনুসরণ করেন। পরে গাড়িটি মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্যদের ভবনে প্রবেশ করে।
 
পুলিশ জানায়, প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো গ-১৩-৭৬৫৫ । গাড়িটির মালিক নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলী। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান। ঘটনার সময় তার ছেলে শাবাব চৌধুরী গাড়িটি চালাচ্ছিলেন।
 
ইত্তেফাক/এম