পাবনার ৯ উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৩৮

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত পাবনার ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আজ শনিবার শপথ নিচ্ছেন। স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় পরিচালক মো. আনওয়ার হোসেন স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে শপথবাক্য পাঠ করাবেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর উর রহমান। সভাপতিত্ব করবেন পাবনা জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন। গত ১৮ মার্চ ঐ ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন: চাটমোহরে আ. হামিদ মাস্টার, ফরিদপুরে অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, আটঘরিয়ায় তানভীর ইসলাম, পাবনা সদর উপজেলায় মো. মোশাররফ হোসেন, সুজানগরে শাহিনুজ্জামান শাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ঈশ্বরদীতে নুরুজ্জামান বিশ্বাস, ভাঙ্গুড়ায় মো. বাকিবিল্লাহ, সাঁথিয়ায় আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার এবং বেড়া উপজেলায় মো. আব্দুল কাদের।