ঢাকায় চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস

আপডেট : ২১ জুন ২০১৮, ১৫:২২
ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় ১০,০০০ মানুষের অংশগ্রহণে প্রাচীন ভারতীয় যোগ অনুশীলনের মাধ্যমে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। 
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের উদ্বোধন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠান উপলক্ষে বার্তা পাঠান। বিভিন্ন ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা, স্কুল শিক্ষার্থী, বুদ্ধি প্রতিবন্ধী শিশু, ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করে। সংস্কৃতি, ক্রীড়া এবং মিডিয়া জগতের অনেক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
IMG0
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ভারতীয় সংস্কৃতি বিষয়ক শিক্ষক শ্রীমতি মাম্পি দে সাধারণ যোগ নিয়মাবলী পরিচালনা করেন। আইজিসিসি ও ঢাকার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শন করেন। 
 
অনুষ্ঠানের শেষে একটি লাকি ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি টাটা টিয়াগো গাড়ি, একটি বাজাজ মোটরসাইকেল, ভারতে ভ্রমণ প্যাকেজ, দুজনের দিল্লী ট্রিপ এবং ঢাকায় পাঁচ তারকা হোটেলে দুজনের থাকার সুযোগ লাভ করেন। প্রথম পুরস্কার টাটা টিয়াগো গাড়ি বিজয়ী হন মো. খায়রুল হাসান খান। 
 
রাজশাহী ও চট্টগ্রামের সহকারী হাই কমিশনের উদ্যোগেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন যোগ সংস্থা ও প্রতিষ্ঠান আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করার জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
ইত্তেফাক/ইউবি