চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪০

চরফ্যাশনে বিরোধীয় জমিতে রোপণ মুগডাল তুলতে বাধা দেয়ায় শুক্রবার প্রতিপক্ষ বোন, ভগ্নিপতি ও তাদের সন্তানদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ (৬৫)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী ভগবতী রানী বলেন, আমার স্বামীর বাবার মালিকানাধীন ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে জোর করে ডাল রোপণ করে ভগ্নিপতি শ্রীবাস। ওইদিন শ্রীবাস, তার স্ত্রী ও ছেলেরা ডাল তুলতে গেলে ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বাধা দেন। এ সময় তারা তাকে পিটিয়ে ও মাছ ধরার কোচ দিয়ে কুপিয়ে হত্যা করে এবং আমাকে ও আমার মেয়েকেও পিটিয়ে আহত করে।

চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক বলেন, ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভগ্নিপতি শ্রীবাস চন্দ্র দেবনাথ, বোন অঞ্জলী রানী দেবনাথ ও ভাগ্নে সুমনকে আটক করা হয়েছে।