নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে শুক্রবার খুদে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. খলিল উল্লাহ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান।
মুক্তমঞ্চে দর্শক মাতালেন কুষ্টিয়ার লালন শিল্পীরা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে বর্ষবরণ ও ১০ দিনব্যাপী বৈশাখী মেলার মুক্তমঞ্চে কুষ্টিয়ার লালন সংগীত একাডেমির বাউল শিল্পীরা বৃহস্পতিবার রাতে দর্শকদের মাতিয়েছেন।
বৈশাখী মেলার মুক্তমঞ্চে বর্ষবরণ বৈশাখী মেলার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এবং মঞ্চ উপ-কমিটির আহবায়ক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় উপস্থিত হাজার হাজার দর্শকদের মাতিয়ে তোলেন কুষ্টিয়া লালন একাডেমির বাউল শিল্পী মো. আসলাম শাহ, পল্লি বাউল শিরিন পারভীন প্রমুখ। মুক্তমঞ্চের পঞ্চম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত শতকরা চার টাকা কাটার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শুক্রবার হোমনায় মানববন্ধন করা হয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম শরীফ, অনন্তপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আ. কাদির, আসাদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল হোসেন প্রমুখ শিক্ষক উপস্থিত ছিলেন।
হাসপাতালে সেবাগ্রহীতাদের অভিযোগ শুনানি
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা সেবা নিতে আসা রোগী ও চিকিত্সাধীন রোগীদের বিভিন্ন অভিযোগ শুনানি ও সমাধানে শুনানির আয়োজন করা হয় বৃহস্পতিবার। হাসপাতাল কর্তৃপক্ষের এ আয়োজনে শতাধিক সেবা গ্রহীতা চিকিত্সা সেবা নিতে আসা বিভিন্ন অভিযোগ তুলে ধরলে তাত্ক্ষণিক সমাধান করা হয়। জাতীয় সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসনাত ইউসুফ জাকির এর সঞ্চালনা করেন।
নদ-নদী দখল-দূষণমুক্ত করার দাবি
ভ্রাম্যমাণ প্রতিনিধি ‘যুবরাই লড়বে, সবুজ প্রকৃতি গড়বে’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীগুলো দখল, দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চত করার দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এর আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার প্রধান সমন্বয়ক সাকিব মোহাম্মদ আল হাসান, আকিবুল ইসলাম, আলামিন খান সোহেল, তানভির রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে উপজেলা কৃষক লীগের আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নেতৃত্বে র্যালি এলাহি কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে এলাহি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জামালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী ডাক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বককর খান।
জেসকা হেলথ কেয়ার কমপ্লেক্সের উদ্বোধন
খুলনা অফিস খুলনায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুক্রবার ‘জেসকা হেলথ কেয়ার কমপ্লেক্সের’ উদ্বোধন করা হয়েছে। নগরীর সোনাডাঙ্গা ৫৫, এম এ বারী সড়কে কমপ্লেক্স উদ্বোধন করেন ঝিনাইদহ প্রাক্তন ক্যাডেট সমিতির (জেসকা) সভাপতি ও বাংলাদেশ নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেসকা সভাপতি শেখ মারুফ হাসান বলেন, ঝিনাইদহ প্রাক্তন ক্যাডেট সমিতির সদস্যরা খুলনা অঞ্চলের মানুষের ফ্রি চিকিত্সার জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। তার অংশ হিসেবেই জেসকা হেলথ কেয়ার কমপ্লেক্স নির্মিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুত্ফুল কবির ও খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। উপস্থিত ছিলেন খুলনা ক্লাবের সভাপতি আরিফুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ।
রুয়েটে বার্ষিক কর্মসম্পাদন কর্মশালা
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (রুয়েট) জাতীয় শুদ্ধাচার (এন আই এস) এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুয়েট কনফারেন্স রুমে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।
দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা দিনব্যাপী গোমস্তাপুরের রহনপুর গাজী শিশুশিক্ষা নিকেতন (কেজি স্ট্যান্ডার্ড) চত্বরে শুক্রবার এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গোমস্তাপুর উপজেলা সমিতি আয়োজনে ও ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজশাহীর সহযোগিতায় চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আব্দুল মুকিত আপেল প্রমুখ।
