আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা আজ শুক্রবার বিকাল ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের একক মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে বৈঠকে।
একই সঙ্গে বৈঠকে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করা হবে। এছাড়া পৌরসভাসহ স্থানীয় সরকারের আরও কিছু পদে প্রার্থী চূড়ান্ত করবে দলটি। জানা গেছে, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র নিয়েছেন ১০ জন। এরমধ্যে বরিশালে পাঁচজন, সিলেটে চারজন ও রাজশাহীতে একজন মনোনয়ন ফরম তুলেছেন।
রাজশাহী থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। ওই সিটিতে আর কেউ মনোনয়ন ফরম তোলেননি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম তুলেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগরের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর। গোলাম আব্বাস চৌধুরী বলেন, ‘বরিশাল মহানগর আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে সাদিক আবদুল্লাহকে মনোনয়নের জন্য প্রস্তাব করেছে। জেলা আওয়ামী লীগও আমাদের প্রস্তাব সমর্থন করেছে।’
এছাড়াও বরিশাল সিটির মেয়র পদপ্রার্থী হতে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খান আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সহ-সভাপতি মীর আমিন উদ্দিন ও সদস্য মাহমুদুল হক খান। সিলেটে মেয়র পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়া মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার এবং অধ্যাপক জাকির হোসেন।
প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন তিন সিটি ও ২৪ জুন কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ইত্তেফাক/মোম্তাফিজ
