রাজধানীর রূপনগরে ইস্টার্ণ হাউজিং এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে ২৪শ ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- বাস চালক জিয়াউর (২৭) ও হেলপার আমিনুল ইসলাম মিলন (২৬)। মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থানের মধ্যে সংশ্লিষ্টদের চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন তারা।
শুক্রবার সকাল পৌণে ৯টায় ইস্টার্ন হাউজিং বেঁড়িবাধ সংলগ্ন বাইতুল নূর মসজিদের সামনে বাসটিকে আটকে দু’জনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারী শ্যামলী পরিবহনের একটি বাসের চালক ও হেলপারের যোগ-সাজসে কক্সবাজার থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দশ্যে ঢাকায় নিয়ে আসছে। এমন সংবাদে র্যাব-২ এর একটি টিম রুপনগর ইস্টার্ন হাউজিং বেঁড়িবাধ সংলগ্ন বাইতুল নূর মসজিদের সামনে বাসটি থামায়। এ সময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে হেলপার গাড়ির দরজা দিয়ে এবং চালক জানালা দিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাদেরকে আটক করে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা যাত্রীদের বসার আসনের সিটের উপর ব্যাগ রাখার জায়গায় রিডিং লাইটের স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার চালান বের করে দেয়। অতি লাভের আশায়, রাতারাতি ধনী হবার নেশায়, নিজেদেরকে নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়েছে বলে তারা স্বীকার করেছেন বলে র্যাব কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এমআই
