বিশ্বকাপ ২০১৯

রোডস-ওয়ালশদের ব্যস্ততা শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪৪

বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে চলে এসেছেন স্টিভ রোডস। প্রায় এক মাস ছুটি কাটিয়ে ফেরা বাংলাদেশের হেড কোচ ভ্রমণক্লান্তি ভুলে শেরেবাংলায় হাজির হন গতকাল দুপুরে। ঠিক তখনই তপ্ত রোদে বিসিবি একাডেমি মাঠের নেটে সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে উঠা রুবেল হোসেনকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন কাজ করছেন গত কয়েকদিন ধরেই।

সবমিলিয়ে আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগেই রোডস-ওয়ালশদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের ক্যাম্প শুরু হবে আগামী ২২ এপ্রিল। ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ক্যাম্প। ঢাকা প্রিমিয়ার লিগে না খেললেও তামিম, মুশফিকরা নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন।

গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রাইম ব্যাংক-আবাহনীর খেলা দেখেছেন রোডস। বিসিবির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন তিনি। কথা বলেছেন মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে। আবাহনীর ড্রেসিংরুমে ঢুকে মাশরাফি, সৌম্য, সাইফউদ্দিন, মিঠুন, সাব্বির, মোসাদ্দেক, মিরাজদের সঙ্গেও আলাদাভাবে কুশল বিনিময় করেছেন ইংলিশ এ কোচ।

তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি রোডস। গতকাল বিসিবি কার্যালয়ের বারান্দায় হাঁটতে হাঁটতে তিনি বলেছেন, ‘আমি মাত্রই ইংল্যান্ড থেকে আসলাম। আমার আগে সবার সঙ্গে কথা বলতে হবে। আগামী দুইদিন পর আপনাদের সঙ্গে কথা বলব।’

রোডস, ওয়ালশ এবং ভিল্লাভারায়ন চলে এসেছেন ঢাকায়। স্পিন কোচ সুনীল যোশি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুকসহ অন্য কোচিং স্টাফরা ক্যাম্প শুরুর আগেই ঢাকায় চলে আসবেন।