‘সৌম্য একটা ভালো ইনিংস দূরে’

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪৫

সৌম্য সরকারের মনটা বিষণ্ন। মুখশ্রীতে যার ছাপ স্পষ্ট। গতকালও মিরপুরে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। বিকেলে ম্যাচ শেষে লম্বা টিম মিটিংয়ের পর ড্রেসিংরুম থেকে বের হওয়া সৌম্যকে বেশ বিচলিতই দেখালো।

বিশ্বকাপ দলে জায়গা পাকা হয়েছে বাঁহাতি এই ওপেনারের। ইংল্যান্ডের কন্ডিশনে তার ব্যাটে অনেক ভরসা দেখছে বাংলাদেশ। কিন্তু চলমান ঢাকা প্রিমিয়ার লিগে হাসছে না সৌম্যর ব্যাট। শেষ ১০ ম্যাচে সর্বসাকুল্যে ১৬৪ রান করেছেন তিনি।

বিশ্বকাপের আগে সৌম্যর ব্যাটের এই হাল চিন্তারই কথা। তবে এই তরুণকে অভয় দিচ্ছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। গতকাল ম্যাচ শেষে মিরপুর স্টেডিয়ামে সাবেক এই অধিনায়ক বলছেন, বিশ্বকাপে ভালো করবেন সৌম্য। তার বিশ্বাস, একটা ভালো ইনিংস বদলে দিবে এই টপঅর্ডার ব্যাটসম্যানের চারপাশের জগত।

গতকাল অফস্পিনার নাঈম ইসলামের বলে স্ট্যাম্পড হয়ে ফিরেছেন সৌম্য। তবে তার এই অফফর্মে চিন্তিত নন সুজন। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘একটা প্লেয়ারের অফফর্ম থাকেই। ছোট বেলা থেকেই বুলবুল ভাই বলতেন, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট।’ আমি মনে করি সৌম্য ক্লাস প্লেয়ার। সৌম্য একটা ভালো ইনিংস দূরে, আমি মনে করি একটা ভালো ইনিংস খেললেই সে ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপে সৌম্যর কাছ থেকে বাংলাদেশ ভালো সার্ভিস পাবে বলেই বিশ্বাস সুজনের। গতকাল তিনি বলেছেন, ‘সৌম্যর সেই সামর্থ্য আছে বড় রান করার। আমি বিশ্বাস করি সৌম্যর খারাপ সময় কেটে যাবে। যেহেতু আমরা আয়ারল্যান্ড যাচ্ছি, প্র্যাকটিস ম্যাচ খেলবে, বিশ্বকাপের তো সময় আছে এখনো। আমি বিশ্বাস করি সৌম্য কাটিয়ে উঠবে এবং বাংলাদেশকে ভালো সার্ভিস দিবে।’

তবে চলমান রান খরার কারণে বেশ চাপে আছেন সৌম্য। সেটা স্বীকার করেছেন সুজনও। গতকাল আবাহনীর কোচ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ চাপের খেলা। সৌম্য যেহেতু রানে নেই, সেহেতু চাপে আছে অবশ্যই। দল নির্বাচন হয়েছে, বিশ্বকাপ দলে আছে। চাপ তো ওর ওপর আছেই। আমি মনে করি ও যেই রকম প্লেয়ার, ছোট বেলা থেকেই দেখছি আমি, দারুণ হ্যান্ড আই কোর্ডিনেশনের প্লেয়ার।’

সুজনের আশা, বিশ্বকাপে রান করবেন সৌম্য। তিনি বলেছেন, ‘আজকের (গতকাল) খেলার পরও দেখলাম মন খারাপ করে বসে আছে। এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। বিশ্বকাপে সে অনেক রান করবে। সৌম্য যেই রকম প্লেয়ার আমার মনে হয় ওই উইকেটে অনেক রান করবে। আবাহনীর হয়ে ভালো বোলিং করছে, জাতীয় দলের কাজে দিবে। আলাদা একটা চাপ তো থাকেই। আমার মনে হয় একটা ভালো ইনিংস হলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে।’

শুধু সৌম্য নন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সাব্বির, মিঠুনরাও ব্যাটিংয়ে খুব ভালো অবস্থানে নেই। তারাও ইনিংস শেষ করতে পারছেন না। বিশ্বকাপে তাদের দুজনকেই শেষ দিকে ব্যাটিংয়ের বড় দায়িত্ব নিতে হবে।

সুজন বলেছেন, ‘সাব্বির মিঠুন যারাই আছে, খারাপ খেলছে তা না, কিন্তু তারা শেষ করতে পারছে না। এটা উদ্বেগজনক। তবে ওরা রানে আছে এটা ভালো দিক। মিঠুনের সেই টেম্পারমেন্ট আছে। সাব্বিরও কোয়ালিটি প্লেয়ার।’