নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর চৌরাস্তা বাজারে চাঁদা না দেয়ায় ৬০ বছরের দোকানঘর চাঁদাবাজ চক্র দখলে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে উপজেলার জয়নগর চৌরাস্তা বাজারে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জয়নগর গ্রামের সুজন আলীর পুত্র মোহাম্মদ আলী বাদী হয়ে একই এলাকার মৃত কাছম আলীর পুত্র মো. আকতার হোসেন শাহিন ও মোক্তার হোসেনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৪৫৭/১৮ইং।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওসি শিবপুর থানাকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেন। এস আই রফিকুল ইসলাম গত শুক্রবার সরেজমিনে গিয়ে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নোটিশ প্রদান করেন। জানা গেছে, মামলার বাদী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।
সম্প্রতি চক্রটি ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় দোকানঘর দখলের অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে আদালতে মামলা দায়েরের পর বাদী পক্ষকে আসামিরা বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিচ্ছে বলে মামলার বাদী জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
