পাকিস্তান দলকে ইমরানের টোটকা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪৫

বিশ্বকাপের আগে গতকাল শুক্রবার নিজেদের দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। আর সেই প্রধানমন্ত্রীই যখন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী একমাত্র অধিনায়ক, তখন সেটা স্রেফ ক্রিকেটারদের জন্য অভ্যর্থনার থেকেও বেশি কিছু হয়ে রইল। ইমরান খান দলকে দিলেন বিশ্বকাপ জয়ের টোটকা।

প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে ক্রিকেট দলের সাথে আলাপ করেন, নিজের অভিজ্ঞতাটা সবার মধ্যে ছড়িয়ে দেন। তিনি দলীয় স্পিরিটকে বাড়তি জোর দিচ্ছেন। তিনি বলেন, ‘একটা চ্যাম্পিয়ন দল যখন রণসজ্জায় সজ্জিত হয়ে মাঠে নামে, তখন তার থাকে একাগ্রতা ও পরিকল্পনা। মনে রাখতে হবে জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টিম স্পিরিট।’

সরফরাজ আহমেদের দলকে উত্সাহ দিয়ে তিনি আরো বলেন, ‘নিজেদের দক্ষতা, স্পিরিট দিয়ে দেশের নামকে সম্মানিত করো। পুরো দেশের সবাই তোমাদের সাথে আছে। দেশকে আন্তর্জাতিক একটি মঞ্চে প্রতিনিধিত্ব করা বিশাল ব্যাপার। তোমরা জাতির প্রতিনিধি। মানুষ তোমাদের দিকে অনেক আশা নিয়ে চেয়ে আছে।’

পাকিস্তান দল ২৩ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে বিশ্বকাপের আগেই ১১টি ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে ৯টি ওয়ানডে ম্যাচ আছে। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে নেই বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। ১৫ জনের দলে তার পাশাপাশি জায়গা পাননি আরেক বাঁ-হাতি পেসার উসমান শিনওয়ারি ও হার্ড হিটার আসিফ আলিও।

আমিরের আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। দল ঘোষণার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেঁধে দেয়া সময়সীমা ২৩ এপ্রিল। দলগুলো চাইলে সেই সময়ের মধ্যে দলে পরিবর্তন আনতে পারবে, সেটাও আইসিসির টেকনিক্যাল কমিটির কোনো অনুমতি ছাড়াই।

যদিও নিজের গড়া দলে সম্পূর্ণ আস্থা আছে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের। তিনি মনে করেন, এটা ত্রিমাত্রিক একটা স্কোয়াড। বললেন, ‘আমরা ত্রিমাত্রিক একটা স্কোয়াড নির্বাচন করেছি। এই দলটাতে আমরা অধিনায়কের জন্য এমন সুযোগ রেখেছি যাতে করে প্রতিটি ম্যাচের জন্য আলাদা আলাদা করে পরিকল্পনা করা যায়। আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান ও বৈচিত্র্যময় বোলিং লাইন আপ আছে যারা যেকোনো কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে পারদর্শী।’