শেষ চারে চেলসি ও আর্সেনাল

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫১

পেদ্রো রদ্রিগেজের জোড়া গোলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে স্লাভিয়া প্রাহাকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে উঠে গেছে চেলসি। আরেক ইংলিশ দল আর্সেনালও সেমিফাইনালের টিকিট কেটেছে। নাপোলির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোয় ভ্যালেন্সিয়া ও এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট যথাক্রমে ভিয়ারিয়াল ও বেনফিকাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

প্রথম লেগে স্লাভিয়ার মাঠ থেকে ১-০ গোলে জিতে আসা চেলসি বৃহস্পতিবার নিজেদের মাঠে পেদ্রোর জোড়া গোল ও অলিভিয়ের জিরুর লক্ষ্যভেদ ও একটি আত্মঘাতী গোলের সুবাদে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার জোর চেষ্টা চালিয়েছিল সফরকারীরা। ঘণ্টার কাঁটা পেরোনোর আগেই পিয়েতর সেভচিকের জোড়া গোলে স্কোরলাইন ৪-৩ করে ফেলেছিল তারা। তবে এরপর খেলায় স্থিতি এনে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাওরিজিও সারির দল। 

সেমিফাইনালে উঠে উচ্ছ্বসিত হলেও দ্বিতীয়ার্ধে দলের পারফর্মেন্স নিয়ে কিছুটা উদ্বিগ্ন চেলসি ফরোয়ার্ড জিরু। তিনি বলেন, ‘আমরা ম্যাচটা ভালো উদ্দেশ্য নিয়েই শুরু করেছিলাম। আক্রমণে ক্ষুরধার ছিলাম আর আমাদের রক্ষণ ছিল নিখুঁত। তবে প্রথমার্ধের এই তীব্রতা বিরতির পর কিছুটা হারিয়ে ফেলেছিলাম আমরা। কিন্তু এই দল কখনো হাল ছাড়ে না এবং শেষ দশ মিনিটে খেলাটা বক্স থেকে বক্সে হয়েছে। দারুণ লড়াই ছিল এটা। এখন আমরা সেমিফাইনালে।’

লন্ডনের আরেক দল আর্সেনাল নিজেদের মাঠে প্রথম লেগে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে সেমির পথে এগিয়ে ছিল। বৃহস্পতিবার রাতে আলেক্সান্ডার লাকাজেতের গোলে নেপলসেও জয় নিয়ে শেষ চারে উঠে গেছে গানাররা।

দলের কোচ উনাই এমেরির ইউরোপা লিগ অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিন বছর সেভিয়াকে ইউরোপার শিরোপা জিতিয়েছিলেন তিনি। তবে আর্সেনাল কোচ এবার এই প্রতিযোগিতাকে দেখছেন চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার সোপান হিসেবেই।

স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমি এই প্রতিযোগিতায় অনেক পরিণত হয়েছি। আমি মনে করি, যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছেন না তখন গুরুত্বপূর্ণ কিছু করার জন্য ইউরোপা লিগ আপনাকে অনেক বড় সুযোগ দেয়। এটা একটা শিরোপা কিন্তু এটা আগামী মৌসুমে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ দিচ্ছে। বিশেষ করে যখন আমাদের ঘরোয়া ফুটবলে অনেকগুলো দল প্রতিযোগিতাটিতে খেলা নিশ্চিত করতে চেষ্টা করছে তখন তো অবশ্যই! প্রিমিয়ার লিগের সঙ্গে সঙ্গে ইউরোপা লিগও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।’

প্রতিযোগিতার অন্য ম্যাচে প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ৪-২ গোলে হেরে আসা এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে। নিজেদের মাঠে ফেলিপ কস্তিচ ও সেবাস্তিয়ান রোডার গোলে ২-০ গোলের জয় নিয়ে অ্যাওয়ে গোল সুবিধায় সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

এদিকে কোয়ার্টার ফাইনালের স্প্যানিশ দ্বৈরথে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভ্যালেন্সিয়া। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্সেনালকে পাচ্ছে তারা। এইনট্র্যাখট খেলবে চেলসির বিপক্ষে।