সেমির আগে আয়াক্সের বড় বিশ্রাম!

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫১

১৯৯৬ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে আয়াক্স আমস্টারডাম। দলটিকে প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে দেখতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। ৩০ এপ্রিল আয়াক্স টটেনহ্যামের মাঠে সেমিফাইনালের প্রথম লিগ খেলবে। তার আগে ডাচ লিগের সব ধরনের ম্যাচ পিছিয়ে দিয়েছে এরেডিভিসি লিগ কর্তৃপক্ষ। এর ফলে ২৪ এপ্রিল ঘরোয়া লিগে ভিতেসের মুখোমুখি হবার পর চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত হতে প্রায় সাত দিন সময় পাবে। ২৮ এপ্রিলের সব ম্যাচের সূচি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৫ মে, ফলে এটিই হবে লিগের শেষ রাউন্ড। শুরুতে অবশ্য এই রাউন্ডটি এক কিংবা দুইদিন পিছিয়ে নেবার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ, তবে পরের শুক্র ও শনিবার দেশটির সরকারি ছুটির দিন হওয়ায় সে প্রয়াস আলোর মুখ দেখেনি।