নির্বাচন কমিশন সম্পূর্ণ অকার্যকর: ফখরুল ইসলাম

আপডেট : ২৪ জুন ২০১৮, ২০:২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে গাজীপুরে ত্রাসের নগরীতে পরিণত করা হয়েছে। সম্পূর্ণ দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। এই কমিশন সম্পূর্ণ অকার্যকর। 
 
রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল অভিযোগ করে বলেন, খুলনা সিটিতে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে নির্বাচন কমিশন। একই অবস্থা গাজীপুরেও চলছে। সেখানকার পুলিশ সুপারকে সরিয়ে দেয়ার কথা বার বার বললেও তা করা হয়নি। 
 
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে গাজীপুরে ত্রাসের নগরীতে পরিণত করা হয়েছে এই কমিশন সম্পূর্ণ অকার্যকর। ন্যূনতম ফেয়ার ইলেকশন হলে গাজীপুরে বিএনপি প্রার্থী জয় লাভ করবে। সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
 
ক্ষমতাসীনদের সুবিধা দিতে গাজীপুর নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট পেপার দেয়া হতে পারে আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সাংবিধানিকভাবে একটি রাজনৈতিক দল, আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই, গণতন্ত্রের ধারাবাহিক চর্চা থাকুক এটা চাই। নূন্যতম ভোটাধিকার যেন বজায় থাকে সেজন্য সিটি নির্বাচনে অংশ নিচ্ছি। এবং আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কমিশনের জন্য ‘টেস্ট কেস’। আর তা দেখেই আমরা পরবর্তী তিন সিটির বিষয়ে সিদ্ধান্ত নেবো।
 
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, গাজীপুরের ভোটাররা ভোট দিতে চায়। তারা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমি ভোটারদের বলবো- আপনারা সব বাধা-বিপত্তি অতিক্রম করে ভোট কেন্দ্রে যান। ভোটাধিকার প্রয়োগ করুন। সিলেটে মেয়র পদে জামায়াতকে ছাড় দেয়া হবে কিনা- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
 
ইত্তেফাক/এমআই