জাতীয় ফল মেলায় বারটান-এর অংশগ্রহণ

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:০৩
জাতীয় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী (২২ জুন-৬ জুলাই) উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী (২২ থেকে ২৪ জুন) জাতীয় ফল মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে রাজধানীর ফার্মগেটে অবস্থিত আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে  এই মেলার আয়োজন করা হয়।
 
শুক্রবার ২২ জুন ফল মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বারটান-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 
 
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী-২০১৮’র উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘মানবসম্পদ উন্নয়ন পুষ্টিসমৃদ্ধ ফলের অবদান’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদ।
 
সেমিনারে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও কৃষিমন্ত্রী। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ মহসীন। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। সেমিনারে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক নির্মিত প্রতিপাদ্য ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জনগণকে সচেতন করতে পোস্টার, লিফলেট ও বুকলেট বিতরণ করা হয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ফলদ বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
সেমিনার শেষে মেলা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এই সময় বারটান-এর স্টলে উপস্থিত ছিলেন বারটান-এর নির্বাহী পরিচালক  মোঃ ফজলে ওয়াহেদ খোন্দকার (অতিরিক্ত সচিব), পরিচালক কাজী আবুল কালাম (যুগ্ম সচিব), অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুহু, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ: দা:) এ.এইচ.এম জালাল উদ্দিন আকবর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ: দা:) জ্যোতি লাল বড়ুয়া, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাকছুদুল হক, তাসনীমা মাহ্জাবীন-সহ বারটান-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
 
বারটান-এর স্টলে কাঁঠালের বিভিন্ন প্রকারের খাদ্য প্রস্তুত প্রণালী, পুষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। বারটান স্টলে আগত দর্শনার্থীদের পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। 
 
ফল মেলার শেষ দিন ২৪ জুন রবিবার আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) সৈয়দ আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ অমিতাভ দাস। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 
 
ফল প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টল, ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রগতিশীল কৃষক, প্রতিষ্ঠান পর্যায় ও সর্বোচ্চ ফলদ বৃক্ষ রোপণকারী জেলাকে পুরস্কৃত করা হয়। 
 
উল্লেখ্য, মেলায় ৯টি সরকারি ও ৫১টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৮১টি স্টল অংশ নিয়েছে। মেলায় আমের ৭০টির বেশি প্রজাতিসহ প্রায় ২০৩ প্রজাতির ফলের একাধিক জাত প্রদর্শিত হয়েছে। এছাড়াও মেলায় প্রদর্শিত হয়েছে জাতীয় ফল কাঁঠালের একটি বিশেষ কর্নার। মেলায় আগত দর্শনার্থীদের ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া হয়, দর্শনার্থীরা মেলা থেকে রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল সংগ্রহ করেন।
 
ইত্তেফাক/নূহু