চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে সরাতে কঠোর হওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আগামী এক মাসের মধ্যে এসব পরিবারকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে ১৫ দিনের মধ্যে তাদের বাসাবাড়িতে দেওয়া গ্যাস, পানি ও বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এছাড়া পাহাড়ে বসতি তৈরি করে ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত প্রভাবশালীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন মিলিয়ে ১৭টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে ৮৩৫টি পরিবার বসবাস করছে। এসব পাহাড়ের মধ্যে ১০টি ব্যক্তি মালিকানাধীন এবং বাকি সাতটির মালিক সিটি করপোরেশন, রেলওয়ে, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন অবৈধভাবে বসবাসকারী পরিবারের সংখ্যা ৫৩১টি এবং সরকারি বিভিন্ন সংস্থা ও বিভাগের মালিকানাধীন সাতটি পাহাড়ে বসবাসকারী পরিবারের সংখ্যা ৩০৪টি। এসব পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের এক মাসের মধ্যে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
