রায়পুরায় শিশু মামুন হত্যা মামলার আসামি পিতা-পুত্রকে আদালতে প্রেরণ

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৮:২৯
নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশু মামুন হত্যা মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন ওরফে জয়নাল মাস্টার (৫৫) ও তার ছেলে আরমান শরীফকে (২৮) গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেন রায়পুরা থানার পুলিশ।
 
এর পূর্বে নিহত মামুনের পিতা মোঃ সুজন মিয়া বাদী হয়ে জয়নাল মাস্টারকে প্রধান করে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৭/৮ জন আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন।
 
উল্লেখ্য, গত ২০ জুন বুধবার উপজেলার হাসিমপুর এলাকার সুজন মিয়ার ছেলে মামুন মিয়া (৬) খেলা করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পরে ব্যর্থ হয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের তিনদিন পর গত শনিবার দুপুরে প্রতিবেশী জয়নাল আবেদীন ওরফে জয়নাল মাস্টারের বাড়ির ৩য় তলা ভবনের ছাদে অর্ধগলিত অবস্থায় মামুনের লাশ পাওয়া যায়।
 
এ ঘটনায় নিহতের বাবা সুজন মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/নূহু