টাঙ্গাইলের ঘাটাইলে মিনি ট্রাক উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১৫ নির্মাণ শ্রমিক। সোমবার সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নজুনবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি মিনি ট্রাকে করে ২০/২২ জন নির্মান শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে ঘাটাইল থেকে পাশ্ববর্তী উপজেলা কালিহাতী যাচ্ছিলেন। মিনি ট্রাকটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নজুনবাগ নামক স্থানে পৌছলে সামনের চাকা ফেটে গিয়ে সড়কের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই খলিলুর রহমান (৩৫) মারা যান। তিনি গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে এবং আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
ইত্তেফাক/নূহু
