লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি সদস্যের ওপর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন রাসেল ও তার লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদে ঢুকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিমের ওপর এ হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় ওই রাতে সেলিম বাদী হয়ে রাসেলকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন।
হাসপাতালে ভর্তি ইউপি সদস্য মো. সেলিম বলেন, ঘটনার সময় দলবল নিয়ে সে ইউনিয়ন পরিষদে সবার সামনে আমার ওপর হামলা চালায়।
এদিকে শ্রমিকলীগ নেতা মোশারফ হোসেন রাসেল দাবি করেন, উপজেলার করুনানগর বাজার গত বছর তিনি ইজারা নিয়েছেন। এ বছর বাজার না পওয়ায় উপজেলা পরিষদ থেকে জামানতের টাকা উঠানোর জন্য চেয়ারম্যানের কাছে পরিষদে গেলে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান ও তার পরিষদের সদস্যরা মিলে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা করার জন্য থানায় গেলে পুলিশ তাদের মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
