ঢাবির ৭৪১ কোটি ১৩ লাখ টাকার বাজেট পাস

আপডেট : ২৭ জুন ২০১৮, ২০:২১
২০১৮-১৯ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭৪১ কোটি ১৩ লাখ টাকার বাজেট পাস হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেট পাস হয়। 
 
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদসহ সিনেট, সিন্ডিকেট, নির্বাচিত রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
পাসকৃত বাজেট পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা এবং সাধারণ কার্যক্রম পরিচালনায় ব্যয়ভার হিসেবে  বরাদ্দ রাখা হয়েছে ৭৪১ কোটি ১৩ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটে আকার বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ কোটি ৭২ লাখ টাকা। সে হিসেবে এ বছর বাজেটের আকার বেড়েছে ২ কোটি ৪১ লাখ টাকা। 
 
এ বছর ৪৩২ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ৫৮ দশমিক ৪২ শতাংশ। আর পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০৭ কোটি ৪০ লাখ যা মোট বাজেটের ১৪.৪৯ শতাংশ। গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬.৫৫ কোটি টাকা যা মোট ব্যয়ের ৪.৯৪ শতাংশ। 
 
প্রস্তাবিত ৭৪১ কোটি ১৩ লাখ টাকার মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৬২৮ কোটি ৩১ লাখ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৭১ কোটি ২৮ লাখ টাকা আসবে। বাজেটে সম্ভাব্য ঘাটতি ধরা হয়েছে ৪১ কোটি ৫৪ লাখ।
 
সিনেট অধিবেশনের আলোচনা পর্বে সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবিত বাজেট সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
 
ইত্তেফাক/ইউবি