যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জলবায়ু পরিবর্তন নিয়ে শুক্রবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ প্রতিরোধে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সড়কে স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটানোয় তাদের আটক করা হয়েছে।
গত সোমবার থেকে লন্ডনে পরিবেশ কর্মীদের বিক্ষোভ চলছে। প্রতিদিনই সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড়ো ধরনের বিক্ষোভ করেন তারা। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। বিক্ষোভকারীরা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারকে জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভকারীদের দাবি, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে। বিক্ষোভকারীরা শপথ নিয়েছেন যতদিন না তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা সড়কে অবস্থান করবে। দাবি মানা না হলে শুক্রবার হিথ্রো বিমানবন্দর অবরোধ করার কথা ছিল তাদের।
