রামগঞ্জে বিধবার বসতঘরে অগ্নিসংযোগ

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৭:৫৭
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামনগর গ্রামে বৃহস্পতিবার রাতে স্থানীয় আঃ মন্নানের নেতৃত্বে সন্ত্রাসীরা বিধবা জাহানারার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সবশেষে তারা রান্না ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা বিধবা জাহানারা, তার স্কুল পড়ুয়া মেয়ে বিউটিকে মারধর করে।
 
সুত্র জানায়, উপজেলার রামনগর গ্রামের আঃ মন্নান কয়েক মাস পুর্বে সন্ত্রাসী পাহারা বসিয়ে বিধবা জাহানারা বেগমের স্বামী আবুল কাসেমের সম্পত্তিতে ইমারত নির্মান করে। এ ব্যাপারে জাহানারা বেগম ইউনিয়ন চেয়ারম্যানসহ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে অভিযোগ করেছিলেন। যার ফলে মন্নান ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বৃহস্পতিবার বিকেলে জাহানারার বসতঘরে হামলা করে।
 
বিধবার ভাসুর আবুল কাসেম বলেন, প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি থানা পুলিশ এবং ইউপি চেয়ারম্যানের কাছে মন্নান স্বীকার করেছে। স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম আজাদ বলেন, মন্নান বিধবা পরিবারকে উচ্ছেদ করতে কয়েক মাস যাবৎ ধারাবাহিকভাবে বসতঘরে হামলা, ভাংচুর করে করে আসছে।
 
তিনি বলেন, থানায় একাধিক মামলা ও জিডি দায়ের, ইউপি কার্যালয়ে এবং স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক করেও তাকে থামানো যাচ্ছে না।
 
চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল ভূইয়া বলেন, বিধবারকে উচ্ছেদ করতে আঃ মন্নান সমাজ, ইউপি কার্যালয়, থানা পুলিশ কাউকে তোয়াক্কা করছে না। যেন তাকে থামানো মতো কেউ কোথাও নেই! তার দাপটের কাছে যে কারণে বিধবা জাহানারা অসহায় হয়ে পড়েছে!
 
ইত্তেফাক/নূহু