জাতীয় ঐক্যের বদলে পাকিস্তান পন্থার ঐক্য করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০১৮, ০৯:২৫
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া এবং বিএনপি জাতীয় ঐক্যের বদলে রাজাকার, জঙ্গি, জামায়াত ও যুদ্ধাপরাধীদের নিয়ে পাকিস্তান পন্থার ঐক্য করেছে। জাতীয় ঐক্যও তাদের হবে না এবং আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারগার থেকে মুক্ত করার কাজ সফল হবে না।
 
শনিবার দুপুর ৩টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের হলরুমে শিক্ষক, কর্মচারী ও ম্যানিজিং কমিটির সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী। 
 
বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ভেড়ামারা কলেজের উপাধ্যক্ষ আজিজুল হক, গভার্নিং বডির সদস্য আবু দাউদ, আ. সালাম, নবির উদ্দিন নবির, হাসান বিদ মাহমুদ ঝন্টু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনার কুষ্টিয়া পত্রিকার সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহকারী অধ্যপক খলিলুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম, প্রভাষক আনিছুর রহমান, প্রভাষক জনি কায়ছার প্রমুখ। 
 
হাসানুল হক ইনু আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। অপরদিকে খালেদা-বিএনপি নেতৃত্বে কেবলমাত্র রাজাকার, জঙ্গি, জামায়াত ও আগুনসন্ত্রসীরা ঐক্যবদ্ধ, সুতরাং খালেদা জিয়া এবং বিএনপির পক্ষে কোন জাতীয় ঐক্য করা সম্ভব না। খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকতে হবে কারণ তারা গণতন্ত্র ও নির্বাচনের ধার ধারছেন না, তাদের মূল এজেন্ডা- হত্যা ও খুনের অপরাধী এবং আগুন সন্ত্রসীদের মুক্ত করা।
 
ইত্তেফাক/এমআই