সারা দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা কমছেই না। গতকাল শুক্রবারও ঘটেছে শিশু ও নারী নির্যাতনের ঘটনা। ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে হুমকি দেওয়ায় এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশু, বাগেরহাটে এক মাদরাসার ছাত্রী ও সিলেটের ওসমানীনগরে এক নারী ধর্ষণের শিকার হয়েছে। রংপুর ও মাদারীপুরের শিবচরসহ চার স্থানে ধর্ষণের ঘটনায় চার ধর্ষকসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পাবনার চাটমোহরে ১৮ মার্চ ধর্ষণের শিকার স্কুলছাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
গফরগাঁও (ময়মনসিংহ): উপজেলায় ধর্ষণের শিকার নবম শ্রেণির এক ছাত্রী (১৪) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। ওই ছাত্রী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছে। ধর্ষিতার বাবা বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ করেন। জানা গেছে, উপজেলার ছয়বাড়িয়া গ্রামের ওই স্কুলছাত্রীকে একই গ্রামের জুয়েল মাঝির বখাটে ছেলে হূদয় (২৩) বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং তার বন্ধুদের সহযোগিতায় ধর্ষণের ভিডিও ধারণ করে। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে এই ছাত্রীকে বেশ কয়েকবার ধর্ষণ করে বখাটে হূদয়। স্কুলছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানালে হূদয় ও তার সহযোগীরা স্কুলছাত্রীর বাবাকে ভিডিও দেখিয়ে চুপ থাকতে বলে এবং এ নিয়ে অভিযোগ করলে মেরে ফেলার হুমকি দেয়। বৃহস্পতিবার আপত্তিকর ভিডিও ফেরত দেওয়ার কথা বলে হূদয় তার বন্ধু রাসেলসহ তিন যুবক ওই স্কুলছাত্রীকে ফের ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্কুলছাত্রীর চিত্কারে গ্রামের এক কৃষক এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয় রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম স্কুলছাত্রীর চিকিত্সার ব্যয়ভার গ্রহণ করেন। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে ১৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিরকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে তার ভাই মামলা করেন। পুলিশ জানায়, ১৬ এপ্রিল ফুফুর বাড়িতে শিশুটিকে রেখে বাবা-মা বেড়াতে যান। এ সময় বিবিরকান্দী গ্রামের সাজন মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২) মোবাইল ফোনে মেয়েটিকে বাইরে আসতে বলে। মেয়েটি বাইরে আসলে একই গ্রামের নায়েব আলীর ছেলে জালালের (২৪) সহযোগিতায় মেয়েটিকে জুয়েল ধর্ষণ করে। এই সময় তার চিত্কারে লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ওসি আক্তার হোসেন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসমানীনগর (সিলেট): ওসমানীনগরে তিন সন্তানের জননী এক বিধবা নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে এক লম্পট। পুলিশ বৃহস্পতিবার রাতেই ধর্ষক শফজুল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে। সে উপজেলার তাজপুর ইউপির ভাড়েরা গ্রামের মৃত আখলুছ মিয়ার ছেলে। গতকাল শফজুলকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা করেন ওই নারী। ওসি এস এম আল মামুন জানান, প্রায় দুই বছর আগে ধর্ষণ করে ভিডিও ধারণ করে শফজুল। সর্বশেষ বৃহস্পতিবার তাকে ফের ধর্ষণ করে শফজুল।
বাগেরহাট: রামপালে ১১ বছর বয়সী এক মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল পুলিশ ধর্ষক ফেরদৌস শেখ (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে। ধর্ষিতা শিশুটি মাদরাসার আবাসিক ছাত্রী। ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুত্ফর শেখের ছেলে। ওসি মো. লুত্ফর রহমান বলেন, মাদরাসার সামনের মুদি দোকানি ফেরদৌস গত ১১ এপ্রিল সুকৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি অভিভাবকদের জানালে তারা পুলিশের কাছে অভিযোগ দেয়।
রংপুর: রংপুর নগরীর পান্ডারদিঘি ধাপ কামারপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিন্টু বর্ম্মন (৩২) নামে দুই সন্তানের জনকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে মেয়েটির মা এ মামলা করেন। মামলায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়সহ চারজনকে আসামি করা হয়। ঘটনাটি সালিশ বৈঠকের নামে ধামাচাপা দিতে সহযোগিতার অভিযোগে সমভু রায়, টেংকু রায় ও মাহেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষক মিন্টু বর্ম্মনকে গতকাল রাতে লালমনিরহাট জেলা থেকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় বলেন, ধর্ষণের ঘটনা ঘটে ১৫ এপ্রিল। দুই পক্ষই ১৬ এপ্রিল আমার কাছে এসেছিল। আমি ছেলে পক্ষকে বলেছিলাম ছেলেকে হাজির করান, তারপর মীমাংসা। কিন্তু তারা আমাকে মামলাতে জড়িয়েছে। এটা ঠিক নয়।
শিবচর (মাদারীপুর): শিবচরে এক স্কুলছাত্রী গণধর্ষণের মূলহোতা পারভেজকে ঢাকা থেকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুব্রত কুমার হালদার এ তথ্য জানান। তিনি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক স্কুলছাত্রীর সঙ্গে একই এলাকার পারভেজ মুন্সির (২১) প্রেমের সম্পর্ক হয়। ৫ মার্চ পারভেজ ওই স্কুলছাত্রীকে শিবচরে এনে দুই সহযোগীসহ গণধর্ষণ করে। প্রযুক্তির ব্যবহার করে পুলিশ পারভেজকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেফতার করে।
চাটমোহর (পাবনা): চাটমোহরে ধর্ষণের শিকার ৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে হত্যার চেষ্টার পর আতঙ্কিত হয়ে পড়েছে। ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ এপ্রিল বেলা ১টার দিকে ওই স্কুলছাত্রীকে হত্যার চেষ্টার শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এ ব্যাপারে থানায় মামলাসহ একাধিক অভিযোগ দেওয়া হলেও ধর্ষণকারী লম্পটকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ১৮ মার্চ মেয়েটিকে ধর্ষণ করে একই গ্রামের কোমর আলীর ছেলে চাঁদ আলী (১৭)। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই শরিফুল ইসলাম জানান, চাঁদ আলীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
