রিজভী কী বলেন, আর কী বোঝেন সন্দেহ আছে :আইনমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২৩:১০

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রিজভী নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেগম জিয়াকে নিয়ে কী বলেন, আর কী বোঝেন এ সম্পর্কে সকলের সন্দেহ আছে। তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরির জন্য খালেদা জিয়াকে নিম্ন আদালত শাস্তি দিয়েছে। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। সেখানে তাকে ৫ বছর থেকে ১০ বছর সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল আমি খুঁজে পাই না। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, বিএনপির সময় আইনের শাসন ছিল না। জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছেন, সেই দিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন।

এর আগে কসবা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী। এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভুঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কনী, কাজী মো. আজহারুল ইসলাম, আলহাজ রুহুল আমিন ভুঁইয়া বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। আরেকটি অনুষ্ঠানে উপজেলার ১ হাজার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও কৃষিজ উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ২৯৮ জন দুস্থ ও গরীব জনগণের মাঝে ত্রাণের টিন বিতরণ করেন।