আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করা, নীতিমালা প্রণোয়ন, কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও মাস্টারোল কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদানসহ চারদফা দাবিতে সোমবার টানা চতুর্থদিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন। এতে করে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরসহ বিভাগগুলোতে কর্মচারীদের উপস্থিতি লক্ষ করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটটি বন্ধ রয়েছে। কোনো কোনো বিভাগে ক্লাস চললেও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। কেন্দ্রীয় লাইব্রেরির গেট খোলা থাকলেও ভিতরে গিয়ে কোন দায়িত্বরত কোন কর্মচারীকে পাওয়া যায়নি।
কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, ‘চারদফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতেই থাকবে। আমরা আর কোন আশ্বাস নিয়ে সন্তুষ্ট থাকতে চাইনা।’
ইত্তেফাক/ইউবি
