ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক কমেছে। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বৃহস্পতিবারের চেয়ে ১৬ কোটি ৮০ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫২৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক সাড়ে ১৩ পয়েন্ট কমে ১৮৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক সাড়ে ৬ পয়েন্ট কমে ১২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল, কেপিসিএল, ইনটেক লি., এসকে ট্রিমস, সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার, ওয়াটা কেমিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও আইটিসি। অন্যদিকে দর কমার শীর্ষে ছিল- কোহিনুর কেমিক্যালস, কনফিডেন্স সিমেন্ট, এমএল ডাইং, ফরচুন সুজ, কেপিসিএল, এসকে ট্রিমস, কাট্টালি টেক্সটাইল, মিথুন নিটিং, সিলভা ফার্মা ও স্টাইল ক্র্যাফ্ট।
এদিকে গতকাল রবিবার দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।
